যশোরের মণিরামপুর উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়নে মসজিদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য রেজাউল ও ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী।
তাদের দাবি, ব্যক্তিগত জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এবং অনৈতিক সুবিধা না পাওয়া কুচক্রী মহলের যোগসাজশে সাংবাদিককে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাদের ভাষ্য, প্রকৃত ঘটনা যাচাই না করে সংবাদ প্রকাশের ফলে তাদের সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়েছে।
রেজাউল মেম্বার ও ইউপি সচিব জানান, সরকারি নিয়ম অনুযায়ী টি-আর (টেস্ট রিলিফ) প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বরাদ্দের অর্থ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির ব্যাংক হিসাবে সরাসরি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে প্রদান করা হয়। ফলে অর্থ গ্রহণ ও ব্যয়ের দায়িত্ব প্রকল্প সভাপতির ওপরই বর্তায়। তাদের দাবি, এ প্রক্রিয়ায় ইউপি সদস্য বা ইউনিয়ন পরিষদের সচিবের সরাসরি অর্থ গ্রহণ বা ব্যয়ের কোনো সুযোগ নেই।
ইউপি সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী বলেন, “আমার কাজ হলো প্রকল্পের বিষয়ে রেজুলেশন তৈরি করে তা পিআইও কার্যালয়ে জমা দেওয়া। বরাদ্দের টাকা গ্রহণ বা ব্যয়ের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার মানসম্মান ক্ষুণ্ন হয়েছে।”
এদিকে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান জানান, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ তিনি মসজিদের উন্নয়নকাজেই ব্যয় করেছেন এবং এর হিসাব তার কাছে রয়েছে। তিনি বলেন, এ অর্থের ব্যয়ের সঙ্গে ইউপি সদস্য রেজাউল বা ইউনিয়ন পরিষদের সচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।
কোদলাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতিও দাবি করেন, তিনি ইউপি সদস্য বা সচিবের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেননি। তার বক্তব্য বিকৃত করে সংবাদে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন সরকারি বরাদ্দের অর্থ কোন প্রকল্পে, কার মাধ্যমে এবং কীভাবে ব্যয় হয়েছে, তা যাচাই করতে হলে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির বক্তব্য না নিয়েই তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে।
তারা আরও বলেন, “যে প্রকল্পের টাকা নিয়ে অভিযোগ করা হয়েছে, সেই প্রকল্পের বাস্তবায়ন সভাপতি বলেছেন তিনি সব টাকা মসজিদের কাজে ব্যয় করেছেন এবং তার কাছে হিসাব রয়েছে। তাহলে সংশ্লিষ্ট প্রকল্প সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের বক্তব্য না নিয়ে শুধু অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের উদ্দেশ্য কী—এ প্রশ্ন রোহিতা ইউনিয়নবাসীর।”
এদিকে ইউপি সদস্য রেজাউল ও ইউপি সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী তাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।
মতামত