যশোর-৫ (মণিরামপুর) আসনের অবহেলিত গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকা (১,০০০ লক্ষ টাকা) বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (IRIDP-3) (৩য় সংশোধন)’ এর আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে যশোর-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক মণিরামপুর উপজেলার রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট ও হাট-বাজার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি চাহিদাপত্র (ডিও লেটার) প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয় এবং গত ৮ নভেম্বর প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে জেলার নির্বাহী প্রকৌশলীকে অনধিক ১০ কোটি টাকার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ স্কীম চিহ্নিত করে প্রাক্কলন প্রেরণের নির্দেশ দেওয়া হয়।সংসদ সদস্যের দেওয়া তালিকা অনুযায়ী, মোট ১০ কোটি টাকার এই বরাদ্দে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, মেরামত ও পুনঃনির্মাণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৪ কোটি ২৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে লাউড়ী মাদ্রাসা পশ্চিম পার্শ্ব-খাওতলা ব্রিজ সড়ক, এড়েঙ্গা সরদার পাড়া-সোহেল উদ্দীন মোড়, রতনদিয়া ফুলতলা মোড়-গৌরিপুর হানিফ মোড় সড়ক এবং শোলগাতী মদনপুর ঈদগাহ-মনোরঞ্জন এর বাড়ি সড়কের উন্নয়ন করা হবে।এছাড়া ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চালকিডাঙ্গা বাজার-রোহিতা ইউপি ভায়া কাশিমনগর সড়ক, ভোজগাতী ইউপি-ঢাকুরিয়া ইউপি ভায়া হরিণাঘাটী সড়ক, ফকিররাস্তা বাজার-চালুয়াহাটী ইউপি সড়ক এবং কোমলপুর-তাজপুর সড়কের মেরামত কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে মণিরামপুর মনোহরপুর বাজার-চিনাতোলা বাজার সড়ক এবং মণিরামপুর কলেজ-খাঁটুয়াডাঙ্গা বাজার সড়কের পুনঃনির্মাণ কাজ করার প্রস্তাব করা হয়েছে।এলজিইডির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সড়ক ও অবকাঠামো উন্নয়ন স্কীমের প্রাক্কলন এবং ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে রক্ষণাবেক্ষণ স্কীমের প্রাক্কলন ঢাকায় প্রেরণ করতে হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মণিরামপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করে মনিরামপুর বাসী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।