যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে টাইব্রেকারে হামিদপুর মধ্যপাড়া একাদশকে পরাজিত করে জয় পেয়েছে হামিদপুর উত্তরপাড়া একাদশ।
শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে অতিরিক্ত সময়েও কোনো দল গোলের ব্যবধান গড়তে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
টাইব্রেকারে দুই দলই পাঁচটি করে শট নেয়। এতে হামিদপুর উত্তরপাড়া একাদশ ৪টি শটে গোল করতে সক্ষম হয়। অন্যদিকে হামিদপুর মধ্যপাড়া একাদশ ৩টি শটে গোল করে এবং বাকি ২টি শট মিস করে। ফলে ৪-৩ গোলে টাইব্রেকারে জয় নিশ্চিত করে উত্তরপাড়া একাদশ।
খেলায় দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল প্রদর্শন করেন। মাঠে উপস্থিত দর্শকদের মুহুর্মুহু করতালি ও উৎসাহে পুরো খেলার পরিবেশ ছিল প্রাণবন্ত।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন উত্তরপাড়া একাদশের রিপন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বনি।
টুর্নামেন্টের প্রধান আয়োজনে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও ক্রীড়াব্যক্তিত্ব অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান সেন্টু, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আমিনুর রহমান মিন্টু, বাজার ব্যবসায়ী আজিজুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলাই বাড়ে বল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের খেলাগুলো ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মতামত