যশোর শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা ভৈরব নদের পানিতে একদিন আবার সাদা মেঘ আর আকাশের ছায়া দেখা যাবে—এমন এক নান্দনিক ও পরিবেশবাদী সুপ্ত ইচ্ছা থেকে নদের আবদ্ধ কচুরিপানা পরিষ্কারের স্বেচ্ছাশ্রমের অনন্য এক নজির স্থাপন করেছেন ডা. উষা নামের এক তরুণী। তাঁর এই মহৎ ও অনুকরণীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজনৈতিক দল হিসেবে প্রথমবার পাশে দাঁড়িয়েছে যশোর জেলা বিএনপি। শুধু নৈতিক সমর্থনই নয়, এই উদ্যোগকে আরও বেগবান করতে সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে, ডা. উষার নিজ উদ্যোগে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের এই বিষয়টি স্থানীয় পর্যায়ে দারুণ প্রশংসিত হয়। তরুণ প্রজন্মের এমন পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কাজ দেখে উৎসাহ জোগাতে এগিয়ে আসেন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব।
এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত-এর প্রতি। পাশাপাশি তরুণ এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে বেগবান করতে আর্থিক সহায়তা প্রদান করায় এবং সার্বিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন-কে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের স্বতঃস্ফূর্ত পরিবেশবাদী উদ্যোগের সাথে যখন এভাবে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন তা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে। এই সহযোগিতার মাধ্যমে ভৈরব নদ তার হারানো সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে—এমনটাই প্রত্যাশা শহরবাসীর।
মতামত