বরিশালে সন্তান জন্ম দেওয়ার পর এক নারীর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। এ নিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি।
রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ওই নারীর স্বামী হিসেবে পরিচয় দেন। তবে কিছুক্ষণ পর হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও শান্তার স্বামী এবং নবজাতকের বাবা বলে দাবি করেন।
এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। প্রায় তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথিও হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল।
তবে এমদাদুলের দাবি অস্বীকার করেছেন শান্তা। তিনি জানান, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন।
এদিকে, এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর শুভাস সেখান থেকে চলে যান। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে হয় বলে দাবি স্থানীয়দের।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির পিতৃত্ব ও বৈবাহিক সম্পর্কের দাবি সামনে আসার পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।
ঘটনাটি ঘিরে এলাকায় ও হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নবজাতকের প্রকৃত পিতৃত্ব এবং দুই ব্যক্তির বৈবাহিক দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মতামত