আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন ১১১ জন নেতা। গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে এসব আবেদনপত্র ও রাজনৈতিক জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী, যোগ্য, সৎ ও জনসম্পৃক্ত নেতাদের মূল্যায়নের লক্ষ্যে প্রার্থীদের প্রাথমিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক ত্যাগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিতর্কিত কিংবা জনবিচ্ছিন্ন কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
নেতৃবৃন্দের মতে, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। ফলে প্রতিটি ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক। এটি দলের অভ্যন্তরীণ বিভেদ নয়, বরং নেতৃত্বের সুস্থ প্রতিযোগিতা। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বের হাতেই নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়া হবে।
সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ১৫টি ইউনিয়ন থেকে জমা পড়া ১১১টি আবেদনপত্রের সঙ্গে প্রার্থীরা তাঁদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত, রাজনৈতিক মামলার সংখ্যা ও বিবরণ, মামলার এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিয়েছেন।
মনোনয়নপ্রত্যাশী দেয়াড়া ইউনিয়নের ইদ্রীস আলী বলেন, “বিগত দিনে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথের আন্দোলন-সংগ্রামে ছিলাম। সেই অবস্থান থেকেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চেয়েছি। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। আমি দলের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ অবিচল। প্রার্থী একাধিক হলেও দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। যাকেই মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই মিলে তাকে বিজয়ী করতে কাজ করব, ইনশাআল্লাহ।”
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, “বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। বিএনপি একটি বৃহৎ দল হওয়ায় প্রতিটি ইউনিয়নেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারীদের পাশাপাশি প্রার্থীদের রাজনৈতিক ইতিহাস ও মামলার তথ্য যাচাই করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁদের সর্বোচ্চ ত্যাগ রয়েছে, অবশ্যই তাঁরা মূল্যায়িত হবেন। তবে ত্যাগের রেকর্ড থাকলেও কোনো বিতর্কিত ব্যক্তি কিংবা জনগণের কাছে গ্রহণযোগ্যতাহীন কেউ দলীয় মনোনয়ন পাবেন না। শতভাগ পরিচ্ছন্ন ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতেই দলীয় প্রতীক তুলে দেওয়া হবে।”
মতামত