যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : মোঃ জুম্মান হোসেন
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে যশোর শহরে নিষিদ্ধঘোষিত যুবলীগের একটি মিছিল বের হয়। মিছিলে বিপুলসংখ্যক নারী-পুরুষের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান শুরু করে পুলিশ।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের লালদিঘি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টি প্রদক্ষিণ করে। নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ মিছিলটির নেতৃত্ব দেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
এ ঘটনার পর রোববার গভীর রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে শেখ শহিদসহ সন্দেহভাজন ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যশোর সদরে ১৭ জন, চৌগাছায় ২ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জন রয়েছেন।
এদিকে, মিছিলের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম ও নায়েক মুসা বিশ্বাস।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মিরাজুল ইসলাম গ্রেপ্তার ও দুই পুলিশ সদস্যকে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত