সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর পয়েন্টভিত্তিক খেলা শেষ হয়েছে। আজকের ম্যাচে দক্ষিণপাড়া ও মধ্যপাড়ার মধ্যকার খেলা ড্র হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মাঠপাড়া দল। পয়েন্ট পর্ব শেষে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
সেমিফাইনালে মুখোমুখি হবে হামিদপুর পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়া। অপর সেমিফাইনালে লড়বে উত্তরপাড়া ও মধ্যপাড়া। চার দলের অংশগ্রহণে সেমিফাইনাল পর্বকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এর আগে টুর্নামেন্টের এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হামিদপুর মধ্যপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হয়। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের আনন্দ দিয়েছে।
স্থানীয় পর্যায়ে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। খেলা উপভোগ করতে প্রতিদিন মাঠে উপস্থিত হচ্ছেন স্থানীয় দর্শকেরা। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে।
টুর্নামেন্টের বিভিন্ন আয়োজনে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও ক্রীড়াব্যক্তিত্ব অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটু, ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্য আকরাম হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান সেন্টু, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আমিনুর রহমান মিন্টু, বাজার ব্যবসায়ী আজিজুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তরুণ সমাজ মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত হবে।
‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলাই বাড়ে বল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টটি স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এখন সবার দৃষ্টি সেমিফাইনালের দিকে। চার দলের লড়াই শেষে কারা ফাইনালে জায়গা করে নেয়, তা দেখতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
মতামত