নিজস্ব প্রতিনিধিঃযেখানেই সাপ, সেখানেই মিথুন। একটি ফোন কল আর মুহূর্তেই ছুটে যান তিনি। বিষধর বা নির্বিষ, লোকালয়ে ঢুকে পড়া সাপ উদ্ধার করে পৌঁছে দেন নিরাপদ আশ্রয়ে। প্রকৃতি আর প্রাণ বাঁচানোর তাগিদে স্বেচ্ছায় ছুটে চলা এই তরুণের নাম আশিকুল ইসলাম মিথুন। যশোরের সীমান্তবর্তী চৌগাছার সন্তান মিথুনের বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। তবে শখ থেকে দায়িত্ববোধে তার এই পথচলা নতুন গতি পায় ২০২৩ সালে। উচ্চ শিক্ষার জন্য ঢাকায় এসে যুক্ত হন Wildlife and Snake Rescue Team in Bangladesh এর সঙ্গে। সেখানেই নেন সাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী নিরাপদে উদ্ধার ও অবমুক্ত করার প্রশিক্ষণ। প্রশিক্ষণের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত কয়েকশ বিষধর ও নির্বিষ সাপ উদ্ধার করেছেন মিথুন। শুধু উদ্ধারই নয়, উপযুক্ত পরিবেশ বুঝে সেগুলো ফিরিয়ে দিয়েছেন প্রকৃতির কাছে। তবে কাজটি মোটেও সহজ নয়। কখনো আতঙ্কিত মানুষের বাধা, কখনো নিজের নিরাপত্তার ঝুঁকি, সবকিছু সামলে এগিয়ে চলেছেন তিনি। মিথুনের এই উদ্যোগ ছড়িয়ে পড়েছে অন্যদের মাঝেও। তার কাজ দেখে স্থানীয় অনেক তরুণও আগ্রহী হচ্ছেন বন্যপ্রাণী উদ্ধারে। তবে সচেতনতার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতাও। মিথুনের মতো তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ
মতামত