যশোর শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, যশোর শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে এ মিছিল বের করা হয়।
প্রকাশিত ভিডিওর ক্যাপশনে শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলের কথা উল্লেখ করা হলেও এতে অংশগ্রহণকারীদের সংখ্যা, মিছিলের নির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে মিছিল, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও অন্তর্ভুক্ত রয়েছে।
এ অবস্থায় যশোর শহরে প্রকাশ্যে মিছিলের ভিডিও প্রকাশের বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোচনায় নতুন করে গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ জানা যায়নি।
মতামত