বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গকে আইনি অধিকার দেওয়ার ঘটনা ঘটেছে পেরুতে। দেশটির আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে (স্টিংলেস বি) এই স্বীকৃতি দিয়েছে স্থানীয় প্রশাসন। এর ফলে অস্তিত্ব রক্ষা, বংশবিস্তার, নিরাপদ পরিবেশে বসবাস এবং আইনি সুরক্ষা পাওয়ার অধিকার পেল ক্ষুদ্র এই প্রাণী।
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে পেরুর দুটি পৌর সরকার মৌমাছির অধিকার নিয়ে পৃথক ঘোষণা অনুমোদন করে। এসব ঘোষণায় মৌমাছির প্রাকৃতিক আবাসস্থল ও জীবনধারণের পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পেরুর আমাজন অঞ্চলে হুলবিহীন মৌমাছির ১৭৫টিরও বেশি প্রজাতি রয়েছে। বনাঞ্চলের উদ্ভিদ ও গাছপালার পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব মৌমাছি। তবে বন উজাড়, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে।
এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা রোজা ভাসকেজ এসপিনোজা। তিনি একজন কেমিক্যাল বায়োলজিস্ট এবং পরিবেশবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আমাজন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। ২০২০ সালে হুলবিহীন মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন তিনি। গবেষণার একপর্যায়ে এসব মৌমাছির জন্য আইনি সুরক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের রোলেক্স অ্যাওয়ার্ডসেও পুরস্কার পেয়েছেন তিনি।
এসপিনোজার ভাষ্য, গবেষণা করতে গিয়ে তারা দেখতে পান, পেরুর স্থানীয় প্রজাতি হওয়া সত্ত্বেও দেশটির প্রচলিত আইনে হুলবিহীন মৌমাছির সুরক্ষার বিষয়ে সুনির্দিষ্ট কোনো উল্লেখ নেই। নিজেদের অস্তিত্ব বিপন্ন হলে আদালতে গিয়ে প্রতিকার চাওয়ার সুযোগও নেই এসব প্রাণীর। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়ে।
নাম হুলবিহীন হলেও প্রকৃতপক্ষে এসব মৌমাছির শরীরে হুল রয়েছে। তবে সেটি এতটাই ছোট বা অকার্যকর যে আত্মরক্ষার কাজে ব্যবহার করতে পারে না তারা। বিপদের আশঙ্কা দেখা দিলে কোনো কোনো প্রজাতি বাসা রক্ষায় দলবদ্ধভাবে গুঞ্জন সৃষ্টি করে, আবার কিছু প্রজাতি কামড় দিয়ে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত গাছের কোটর, মাটির নিচে কিংবা বিভিন্ন ফাঁকা জায়গায় বাসা বাঁধে এসব মৌমাছি।
মৌমাছির অধিকারসংক্রান্ত ঘোষণাটি তৈরিতে আমাজন রিসার্চ ইন্টারন্যাশনালের পাশাপাশি কাজ করেছে আন্তর্জাতিক পরিবেশ আইনবিষয়ক সংগঠন আর্থ ল সেন্টার এবং আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইকোআশানিকা। এ উদ্যোগে আশানিঙ্কা জনগোষ্ঠী ও স্থানীয় মৌমাছি পালনকারীরাও যুক্ত ছিলেন।
প্রথমে সাতিপো ও নাউতা অঞ্চলের পৌর প্রশাসন যথাক্রমে ২০২৫ সালের অক্টোবর এবং ২০২৬ সালের জানুয়ারিতে ঘোষণাটি অনুমোদন করে। পরবর্তী সময়ে কুসকো অঞ্চলের পিচারি ও ইউনিয়ন আশানিঙ্কা পৌরসভাও একই ধরনের আইনি উদ্যোগ গ্রহণ করে।
আর্থ ল সেন্টারের লাতিন আমেরিকাবিষয়ক আইন পরিচালক কনস্তানজা প্রিয়েতো ফিগেলিস্তের মতে, এ উদ্যোগের বিশেষ দিক হলো বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে স্থানীয় আদিবাসীদের প্রাচীন জ্ঞান ও সংস্কৃতিকে যুক্ত করা। আশানিঙ্কা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই মৌমাছি সংরক্ষণ করে আসছে। তাদের কাছে মৌমাছি শুধু পরিবেশের অংশ নয়, খাদ্য উৎপাদন ও ঐতিহ্যবাহী চিকিৎসার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। বিভিন্ন খাদ্য ও ঔষধি উদ্ভিদের পরাগায়নে ভূমিকা রাখার পাশাপাশি এসব মৌমাছির মধু স্থানীয় চিকিৎসায় ব্যবহৃত হয়।
তবে আইনি স্বীকৃতি পাওয়ার পরও বেশ কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। মৌমাছির অধিকার লঙ্ঘনের ঘটনা কীভাবে শনাক্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে মৌমাছির বাসা থাকা গাছ কেটে ফেলা কিংবা তাদের আবাসস্থল ধ্বংসের মতো ঘটনায় কী শাস্তি দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে। এ বছরই প্রয়োজনীয় বিধিমালা চূড়ান্ত করার আশা করছেন এসপিনোজা।
এখন পর্যন্ত মৌমাছির অধিকার লঙ্ঘন নিয়ে কোনো মামলা হয়নি। তবে সংরক্ষণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, বিদ্যালয়ের পাঠ্যক্রমে মৌমাছি সংরক্ষণের বিষয় অন্তর্ভুক্ত করা এবং আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এসপিনোজা জানিয়েছেন, ছয়টি মহাদেশের ১৪টি দেশের বিভিন্ন সংগঠনও তাদের নিজ নিজ অঞ্চলের মৌমাছি রক্ষায় পেরুর মতো আইনি ব্যবস্থা নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তার মতে, এই স্বীকৃতি শুধু মৌমাছির অধিকার প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীববৈচিত্র্য রক্ষায় নতুন ধরনের চিন্তা ও উদ্যোগের পথ তৈরি করেছে।
মতামত