১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মিছিলটি কুয়াদা কলেজ গেট থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুয়াদা বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলী, সেক্রেটারি আবু বক্কার, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দলমত-নির্বিশেষে দেশের জনগণের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিতে হবে। তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধ, দলীয়করণ রোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা লংমার্চের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
মতামত