যশোরের মণিরামপুরে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাজীগ্রাম মোড়ে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন মণিরামপুর উপজেলার কাজীয়ারা গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুমন হোসেন (৩০), কামালপুর গ্রামের বেনজীর আহমেদের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে ইয়াসিন আরাফাত (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলচালক ইমন হোসেন (২০) তাঁর মোটরসাইকেলটি কাজীগ্রাম মোড়ে সড়কের পাশে রেখে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় অভিযুক্ত তিন যুবক মোটরসাইকেলটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।বিষয়টি বুঝতে পেরে ইমন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয়রা অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিজেদের হেফাজতে নেয়।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগে স্থানীয় লোকজন তিনজনকে আটক করেন। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
মতামত