যশোরের কেশবপুরে যাত্রীবেশে এক দুর্বৃত্তের অতর্কিত হামলায় এক মোটরভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারী তার উপার্জনের একমাত্র অবলম্বন মোটরভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।
গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চুকনগর বাজার থেকে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার কথা বলে ওই ভ্যানচালকের ভ্যানে ওঠে এক ব্যক্তি। পথে ব্রাহ্মণডাঙ্গা যাওয়ার সময় হদ গ্রামের একটি নির্জন বাগানের কাছে পৌঁছালে যাত্রীবেশী ওই দুর্বৃত্ত চালকের ওপর হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় এবং তার সর্বস্ব ও জীবিকার একমাত্র সম্বল মোটরভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।
শ্রমজীবী একজন মানুষের জীবিকার একমাত্র সম্বল এভাবে ছিনতাই হওয়ার ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রশাসনের প্রতি দাবি এখন পর্যন্ত আহত ভ্যানচালক ও ছিনতাইকারীর বিস্তারিত পরিচয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরভ্যানটি উদ্ধার করে অসহায় ভুক্তভোগী পরিবারটিকে সহায়তার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মতামত