যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের ভ্যানচালক মো. ইকরামুল হোসেনের আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটি প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভ্যানটি হারিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল হানুয়ার বড় মসজিদের সামনে থেকে রাজগঞ্জের মোড়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তি ইকরামুলের ভ্যানটি ভাড়া নেন। পরে হানুয়ার বড় মসজিদের কাছাকাছি একটি গলির ভেতরে নিয়ে কৌশলে ভ্যানটি নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী ইকরামুল হোসেন জানান, ওই ব্যক্তির মুখে মাস্ক, চোখে চশমা এবং মাথায় হেলমেট ছিল। রাজগঞ্জ কলেজ মোড়ে যাওয়ার কথা বলে মালপত্র নেওয়ার অজুহাতে তাঁকে একটি বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্যক্তি তাঁর ভ্যানটি নিয়ে চলে যান।
ইকরামুলের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল ভ্যানটি। এটি হারিয়ে তাঁর আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
এ অবস্থায় ভ্যানটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। একই সঙ্গে জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং স্থানীয়দের তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
মতামত