যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন
যশোরের অভয়নগর উপজেলায় নিজ বাড়ির ঘর থেকে আছিয়া বেগম (বৃদ্ধা) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম ওই গ্রামের প্রয়াত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি নিজ বাড়িতে তাঁর এক বোনের সঙ্গে বসবাস করতেন।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, তাঁর বাবার মৃত্যুর পর মা ও খালা একই বাড়িতে বসবাস করতেন। সোমবার তাঁর খালা মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
মতামত