যশোর প্রতিনিধি আল নাঈম রাব্বিঃ
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুল হক (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শামসুল হক যশোর সদর উপজেলার লেবুতলা এলাকার মুসা হকের ছেলে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় শামসুল হক হেলমেট ছাড়া মোটরসাইকেলযোগে বাড়ি থেকে যশোর শহরের উদ্দেশে রওনা হন। পথে কিসমত নোয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
মতামত