উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এর পরপরই সম্ভাব্য হুমকির বিষয়ে দুটি সতর্কতা জারি করেছে বাহরাইন। গত সেপ্টেম্বরের পর দেশটিতে এ ধরনের প্রথম সতর্কবার্তা দেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাবে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে আইআরজিসি। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে সম্ভাব্য হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।