সরকার কখন কতটা ঋণ নেবে, সে বিষয়ে আগাম ধারণা দিতে অর্থ বিভাগ বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের জন্য কাজ করছে বলে জানিয়েছেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। রবিবার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দু’দিনের আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে তিনি এ কথা জানান। অর্থসচিব বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির মধ্যে সরকারের অর্থায়ন আরও স্বচ্ছ করতে এবং সরকার কখন কতটা ঋণ নেবে, সে বিষয়ে আগাম ধারণা দিতে অর্থ বিভাগ বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের জন্য কাজ করছে। তিনি বলেন, বিশ্ববাজারে সুদের হারের পরিবর্তন ও মুদ্রার বিনিময় হারের ওঠানামায় সরকারের ঋণ নেয়া আরও জটিল হয়েছে। এসময় মন্ত্রী অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং সেসব ঋণের আসল-সুদ পরিশোধের দায় নিয়ে প্রতিবেদন উন্নত করা, ট্রেজারি বিল ও বন্ডের নিলামব্যবস্থা শক্তিশালী করা এবং আরও বেশি বিনিয়োগকারীকে বাজারে আনার পরিকল্পনাও তুলে ধরেন। ১৫ ও ১৬ নভেম্বরের এই সম্মেলনের যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’। অর্থায়নের ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তনের মধ্যে কীভাবে টেকসইভাবে ঋণ নেয়া যায়, তা নিয়ে আলোচনা করতে সম্মেলনে যোগ দিয়েছেন দেশি-বিদেশি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও অর্থায়ন বিশেষজ্ঞরা। এতে অংশ নিচ্ছেন অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তর এবং এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। বিডি-প্রতিদিন/এমএল
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।