যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকা বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা কাঁচাবাজারের বটতলায় একই রাতে দুই সহোদর ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকান দুটিতে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে ঘোপ গ্রামের বাসিন্দা আলমগীর ও জাহাঙ্গীর দুই ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। আলমগীরের টেইলারিং দোকান থেকে অন্তত ৩০ সেট কাটা কাপড়, একটি পানির মোটর ও সেলাই মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। অন্যদিকে, তাঁর ভাই জাহাঙ্গীরের কসমেটিকসের দোকান থেকেও প্রায় সব মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সকালে দোকানে এসে চুরির বিষয়টি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ী আলমগীর। এক রাতের ব্যবধানে দুই ভাইয়ের দোকানের মালামাল হারিয়ে তাঁরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় ছাতিয়ানতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা জোরদার এবং চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, চুরির ঘটনায় নিকটস্থ সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
মতামত