অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাহিরঘাট ব্লাড ব্যাংকের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অপরাধে সহযোগিতা, আলামত নষ্ট এবং ভুক্তভোগী শিশু ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা। সেখানে একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষাব্যবস্থা জোরদার করা এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার ও প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক ও আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মতামত