পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় এক নজিরবিহীন ও হতাশাজনক ঘটনা ঘটেছে। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র একজন শিক্ষার্থী। তবে মানবিক বিভাগের সেই একমাত্র পরীক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। দীর্ঘ ২৪ বছর ধরে এমপিওভুক্ত না হওয়া এই কলেজটিতে বর্তমানে আটজন শিক্ষক কর্মরত আছেন। নিজস্ব পাকা ভবন না থাকা এবং টিনশেডের জরাজীর্ণ ঘরে পাঠদান চলার কারণে প্রতি বছরই এখানে শিক্ষার্থীর সংখ্যা কমছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। তবে এই চরম হতাশার মধ্যেও ওই শিক্ষার্থীর জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, এবারের পরীক্ষায় যারা মাত্র এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের পুরো বছর লস করতে হবে না। আগামী এক মাসের মধ্যেই শুধু অনুত্তীর্ণ বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে ফলাফল সংশোধনের সুযোগ পাবেন মানবিক বিভাগের সেই একমাত্র শিক্ষার্থী।
মতামত