মনিরামপুর (যশোর) প্রতিনিধি:যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইউপি সদস্য শরিফুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির মিন্টুর স্ত্রী সোনিয়া খাতুন পেয়েছেন ৫ ভোট।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১২ জন ভোটার অংশগ্রহণ করেন। সভাপতি পদে ফুটবল প্রতীক নিয়ে শরিফুল ইসলাম এবং মাছ প্রতীক নিয়ে সোনিয়া খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে শরিফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রিজাইডিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার অনুষ্ঠিত আগের নির্বাচনে দুই প্রার্থী সমান ৫টি করে ভোট পেয়েছিলেন। এ সময় একটি ভোট বাতিল হয় এবং একজন ভোটার অনুপস্থিত ছিলেন। ফলে সভাপতি নির্বাচন নিয়ে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হয়। পুনর্নির্বাচনে ১২ জন ভোটারের ভোটে শরিফুল ইসলাম ৭টি এবং এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির মিন্টু স্ত্রী সোনিয়া খাতুন ৫টি ভোট পান।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম বলেন, “সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।”
অন্যদিকে, পরাজিত প্রার্থী
সোনিয়া খাতুন নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবু জাফর, অভিভাবক সদস্য মো. মনসুর আলী, আহাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতামত