বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যশোরে পৌঁছেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নিতে তিনি যশোর সফর করছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি যশোরে পৌঁছান। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় যশোর শহরের টাউন হল ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া রাতে জেলা বিএনপির একটি কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
স্মরণসভা সফল করতে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও পৌর শাখায় প্রস্তুতি সভা এবং প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
স্মরণসভায় প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা, সাংগঠনিক অবদান এবং যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর অবদান তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ছিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে যশোরে তাঁর কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ ও গণভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।