ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভক্তি কমানো, দলীয় ঐক্য ফিরিয়ে আনা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রের ভিত্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে পর্যায়ক্রমে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করা বা দলীয় সিদ্ধান্তের বাইরে ভূমিকা রাখায় বহিষ্কৃত আরও পাঁচ শতাধিক নেতার বিষয়েও ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রত্যেকের অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান, দলের প্রতি আনুগত্য এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হয়েছেন, তাদের অনেকেই দলে ফেরার আবেদন করেছেন এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় আবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।
যশোরের মণিরামপুরেও বহিষ্কৃত বিএনপি নেতা শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং যশোর-৫ (মণিরামপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।বহিষ্কারের পরও শহীদ ইকবাল বিএনপির রাজনীতির সঙ্গে নিজের সম্পর্ক অটুট রাখার কথা বলে আসছেন। বর্তমানে দলীয়ভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগের খবর সামনে আসায় তার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত নেতাদের অনেকেই ইতোমধ্যে ক্ষমা চেয়ে দলে ফেরার আবেদন করেছেন। শহীদ ইকবালও দলের কাছে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে দলের সঙ্গে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে।
মণিরামপুর বিএনপির তৃণমূলের একাধিক নেতাকর্মীর দাবি, দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে শহীদ ইকবালের ভূমিকা রয়েছে। জাতীয় নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্তের সঙ্গে তার অবস্থান নিয়ে যে বিরোধ তৈরি হয়েছিল, সেটিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতার আলোকে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখতে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের দলে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।
তৃণমূলের কয়েকজন নেতাকর্মী আরও মনে করেন, মণিরামপুরে শহীদ ইকবালের মতো সাংগঠনিকভাবে পরিচিত ও প্রভাবশালী নেতার বিকল্প বিএনপিতে বর্তমানে তৈরি হয়নি। তাদের মতে, দলীয় স্বার্থে অতীতের বিরোধ ভুলে যদি তাকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়, তাহলে মণিরামপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়বে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের সময় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন এলাকায় যে বিভক্তি তৈরি হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তা দ্রুত নিরসন করা দলটির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব বহিষ্কৃত নেতার নিজ নিজ এলাকায় এখনো সাংগঠনিক প্রভাব রয়েছে, তাদের সঙ্গে সমঝোতা হলে তৃণমূলে দলীয় ঐক্য বাড়তে পারে এবং নির্বাচনের মাঠে বিদ্রোহী প্রার্থী তৈরির ঝুঁকিও কমতে পারে।