যশোরসহ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে যশোর জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) যশোরে জেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা, নগর ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্যসচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদ।
এছাড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন ও আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা যশোরসহ সারাদেশে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং নৈরাজ্য সৃষ্টির ঘটনার প্রতিবাদ জানান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড যেন জনজীবনকে বিপর্যস্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।