শীত মৌসুমের অন্যতম প্রাকৃতিক উপহার খেজুরের রস, খেজুরের গুড়। ঐতিহ্য, স্বাদ ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এসব পণ্য। বিশেষ করে যশোরের মনিরামপুর উপজেলা খেজুরের গুড় উৎপাদনের জন্য দীর্ঘদিন ধরে সুপরিচিত। প্রতিবছর শীত মৌসুমে এখানকার উৎপাদিত গুড় দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
তবে কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণে ঐতিহ্যবাহী এসব পণ্যের প্রকৃত স্বাদ, গুণগত মান ও সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গুড়ে বিভিন্ন ধরনের অননুমোদিত উপাদান ও ভেজাল মেশানোর অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।
তিনি বলেন, খেজুরের গুড় আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মনিরামপুরের কৃষক, গাছি ও গুড় উৎপাদনকারীরা বছরের পর বছর পরিশ্রম করে এই ঐতিহ্য ধরে রেখেছেন। অথচ কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রকৃত উৎপাদকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ভোক্তারাও বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
তিনি আরও বলেন, সাময়িক অধিক মুনাফার আশায় গুড়ে ভেজাল মেশানো শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণা নয়, এটি মনিরামপুরের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনামের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ অবস্থায় খেজুরের গুড় উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে বিশুদ্ধতা ও গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী, উৎপাদক ও বাজারজাতকারীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত বাজার তদারকি এবং ভেজালবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
মোঃ মুতাছিম বিল্লাহ বলেন, “আমরা চাই মনিরামপুরের খেজুরের গুড় নিজস্ব স্বাদ, ঘ্রাণ ও বিশুদ্ধতা নিয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করুক। ভেজাল নয়, বিশুদ্ধতাই হোক আমাদের ব্যবসার অঙ্গীকার। আসুন, সম্মিলিতভাবে মনিরামপুরের ঐতিহ্য রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য এই প্রাকৃতিক সম্পদ ও সুনাম অক্ষুণ্ণ রাখি।”