যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট পাবলিক কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে গ্রামের কাগজের সাবেক স্টাফ রিপোর্টার খায়রুজ্জামান আকাশ গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, খায়রুজ্জামান আকাশ মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যশোর শহরের সিটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে নতুনহাট পাবলিক কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এদিকে সাংবাদিক খায়রুজ্জামান আকাশের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিক সমাজ, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
দৈনিক বন্ধন পরিবারের পক্ষ থেকে সাংবাদিক খায়রুজ্জামান আকাশের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন তাকে দ্রুত সুস্থ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমিন।