যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ব্যবসায়ীর সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোববার (৮ নভেম্বর) গভীর রাতে ছাতিয়ানতলা বাসস্ট্যান্ডসংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের দোকানগুলোতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। রাত বেশি হওয়ায় প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পান বাজারে দায়িত্ব পালনরত নৈশপ্রহরীরা। তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই চার ব্যবসায়ীর সাতটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর মধ্যে দরাজহাট গ্রামের আসাদুল ইসলামের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাঘারপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মাজেদুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।