যশোর শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি প্রতিষ্ঠানকে তালাবদ্ধ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অপর প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিম বিনতে মুস্তাফিজ ও স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার নবনীতা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার উপযুক্ত পরিবেশ না থাকা এবং কথিত ভুয়া চিকিৎসকের চেম্বার পরিচালনার অভিযোগে মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে যশোর জেনারেল হাসপাতালের দুটি সরকারি টিকিট পাওয়া যায়। তবে সেখানে কোনো প্যাথলজি ল্যাবের অস্তিত্ব পাওয়া যায়নি। এসব কারণে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।