যশোর প্রতিনিধি:যশোরে স্প্রে করে এক মিলের ম্যানেজারকে অচেতন করে তাঁর কাছে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আজমল হোসেন (৬০) যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত শেখ আব্দুর রহমানের ছেলে। তিনি নীলগঞ্জ এলাকার সুবল সাহার মিলের ম্যানেজার হিসেবে কর্মরত।
প্রাপ্ত তথ্যমতে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে মিল থেকে বের হন আজমল হোসেন। পরে দুপুর ২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন নতুনহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা স্প্রে ব্যবহার করে তাঁকে অচেতন করে তাঁর কাছে থাকা ছয় লাখ টাকা নিয়ে যায় এবং তাঁকে সড়কের পাশে ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন তাঁকে চিনতে পেরে মিলমালিককে খবর দেন। পরে মিলের লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে আজমল হোসেন হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।