নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের জাবির ইন্টারন্যাশনাল হোটেলে হতাহতের মামলায় জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এই মামলায় সন্দেহভাজন হিসেবে বিভিন্ন সময়ে গ্রেফতার আওয়ামী লীগের সাত নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- মো. আব্দুল খালেক (৬৫), মো. এনামুল হক (৫৯), আব্দুর রহমান শাওন (৩৬), অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি (৪১), এস এম আজাহার হোসেন স্বপন (৫২), কাজী রবিউল হোসেন ওরফে ভাইপো রবিউল (৩১) ও মো. ইমন কাজী (২৬)।
২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে হোটেল জাবিরে অগ্নিসংযোগের ঘটনায় ২৪জন নিহত হন। ১৮ আগস্ট শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু অজ্ঞাত আসামিদের নামে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।